অনলাইন ডেস্ক
ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য করেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুব্রত গুলজার সাক্ষ্য প্রদান করেন।২০১৯ সালের ২৮ অক্টোবর অভিজিৎ- এর বাবা অধ্যাপক অজয় রায়ের সাক্ষ্যগ্রহণের মধ্যে দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ পর্যন্ত ২৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
মামলার আসামিরা হলো— মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহা (৩৪), মো. আরাফাত রহমান (২৪), শাফিউর রহমান ফারাবী (২৯), সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এবং আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আবদুল্লাহ।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১ আগস্ট ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। এর আগে ওই বছরের ১১ এপ্রিল ঢাকা সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বিচারক মো. মজিবুর রহমান অভিযোগপত্র গ্রহণ করেন।
উল্লেখ্য,২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করা হয়।
