editor
প্রকাশিত: 1:31 PM, February 25, 2023
ডিএসএস ডেস্ক :: অগ্নি নিরাপত্তা সনদ নেই এমন ভবন ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামী সাত দিনের মধ্যে ঢাকায় যৌথ অভিযানে নামার কথা বলেছে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। এ অভিযানে অবৈধ ভবনগুলোর বিরুদ্ধে আইনানুযায়ী জেলা জরিমানা করা হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি ঢাকার দুই সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা রয়েছে।
অভিযোগ রয়েছে বড় কোনো দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এমন নানা অভিযান পরিচালনা করে। এর বাইরে অন্য সময় তেমন কঠোর কোনো ভূমিকায় তাদের দেখা যায় না।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের দাবি, তারা শুধু নোটিশ দিয়ে ভবন মালিককে সতর্ক করার ক্ষমতা রাখেন। কিন্তু আইন মানতে বাধ্য করার এখতিয়ার তাদের নেই। গত ১৯ ফেব্রুয়ারি ঢাকার গুলশানের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জন নিহত হয়। ওই রাতে ভয়াবহ ওই আগুন থেকে বাঁচতে ওপর থেকে লাফিয়ে পড়ার কারণে এ হতাহতের ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টায় আগুন লাগার পর তা নেভাতে ফায়ার সার্ভিসের চার ঘণ্টার বেশি সময় লেগেছিল।
ঢাকার অভিজাত এলাকার একটি আধুনিক ভবনে এত বড় ধরণের আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ভবনগুলোর অগ্নি নিরাপত্তার বিষয়টিকে আবারো সামনে এনেছে। এই ঘটনার পরদিন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবনটি পরিদর্শনে গিয়ে নিরাপত্তার অনেক ঘাটতি খুঁজে পান।
তারা গণমাধ্যমকে জানান, ‘ভবনটির ফায়ার সেফটি প্ল্যান ছিল না। সেফটি প্ল্যান নেয়ার কথা থাকলেও, নেয়া হয়নি। ভবনটি অত্যাধুনিক হলেও এর বিভিন্ন ধরনের সমস্যা আছে।’
কিভাবে চলবে অভিযান
বাংলাদেশে ভবন নির্মাণের ক্ষেত্রে ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) মেনে চলা বাধ্যতামূলক। তবে এ বিষয়টি ফায়ার সার্ভিসের পাশাপাশি রাজউক ও সিটি কর্পোরেশন দেখভাল করে থাকে।
একেকটি সংস্থার কার্যপরিধি একেক রকম। এর মধ্যে ফায়ার সার্ভিস মূলত ওই ভবনের ফায়ার সেফটি ও ভূমিকম্প সহনশীলতার বিষয়টি তদারকি করে থাকে। প্রাথমিকভাবে ঢাকার দুই সিটিকে কয়েকটি জোনে ভাগ করে এ অভিযান পরিচালনার কথা রয়েছে।
এর মধ্যে সর্বশেষ অভিযানে যেসব ভবনকে ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলো ফায়ার সার্ভিসের নির্দেশ মোতাবেক যথাযথ ব্যবস্থাগ্রহণ করেছে কিনা তা খতিয়ে দেখা হবে।
সেখানে কোনো ভবনের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন বলেছেন, ‘নির্ধারিত বিল্ডিং কোড অনুযায়ী যেসব ভবনে অগ্নি নিরাপত্তা আইন মানা হয়নি, প্রথমে আমরা সেখানে যৌথ অভিযানে যাব। অবৈধ ভবনগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা কাজ করছি।’
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত বছর সারা দেশে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে পাঁচ হাজার ৮৬৯টি ভবন পরিদর্শন করা হয়। এর মধ্যে এক হাজার ৬০৬টি ভবন ঝুঁকিপূর্ণ এবং ৬১৭টি ভবন অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শুধু ঢাকায় সরকারি বেসরকারি মিলিয়ে এক হাজার ১৬২টি ভবন পরিদর্শনের পর ফায়ার সার্ভিস ৪৯৯টি ভবন ঝুঁকিপূর্ণ এবং ১৩৬টি ভবন অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। এই সংখ্যা অন্য যেকোনো জেলার চাইতে বেশি।
আপাতত ঢাকার যেসব জোনের ভবনগুলোকে অগ্নি নিরাপত্তা ও ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে সেগুলো আগে পরিদর্শন করার কথা রয়েছে। যেসব ভবনকে নোটিশ দেয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি, ফায়ার সেফটির জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনেনি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে।
ফায়ার সেফটি লাইসেন্স কী?
অগ্নি নির্বাপণ আইন অনুযায়ী, ছয়তলা বা তার চেয়ে উঁচু আবাসিক বা বাণিজ্যিক ভবন নির্মাণ করতে গেলে বাধ্যতামূলক ফায়ার সেইফটি লাইসেন্স সংগ্রহ করতে হয়। ফায়ার সেফটি লাইসেন্স ছাড়া কোনো ভবন নির্মাণের নকশা অনুমোদন বা অনুমোদিত নকশার সংশোধন করা যায় না।
গুলশানের যে ভবনটিতে আগুন লেগেছে তার নকশা পাসের সময় ফায়ার সেইফটি লাইসেন্স বলে কিছু ছিল না। সে সময় তারা একটি নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিয়েছে।
কিন্তু পরে ওই ভবনে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন অনুযায়ী ফায়ার সেইফটি প্ল্যান নেয়ার কথা বলা হলেও তা মানা হয়নি বলে অভিযোগ করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।
এই লাইসেন্স দেয়ার ক্ষেত্রে মূলত ওই ভবনের অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ ও জননিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। ভবনটি কত তলা, এটি আবাসিক, বাণিজ্যিক নাকি গুদাম হিসেবে ব্যবহার হবে তা বিবেচনায় ফায়ার ফ্লোর প্ল্যানও ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
সাধারণত একটি ভবনের নকশা প্রণয়নের পর ফায়ার সার্ভিসের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিতে হয়। এরপর কাজ শুরু করা যায়।
কিসের ভিত্তিতে লাইসেন্স দেয়া হয়
অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা অনুযায়ী, ভবন মালিককে লাইসেন্স সংগ্রহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক বরাবর আবেদন করতে হয়। এজন্য আবেদন ফরমের সাথে ওই ভবনের নকশা, ফায়ার সেফটি ফ্লোরপ্ল্যানসহ প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করতে বলা হয়েছে।
মহাপরিচালক নকশা ও আবেদন ফরম যাচাই বাছাই করে ভবনটি পরিদর্শনের জন্য একজন কর্মকর্তাকে নিয়োজিত করেন। ওই কর্মকর্তার কাজ হল সরেজমিন পরিদর্শন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়া।
তিনি মূলত ভবনটির ফায়ার এক্সিট রুট অর্থাৎ আগুন লাগার পর ভবন থেকে নিরাপদে বেরিয়ে আসার সিঁড়ি ঠিক জায়গায় বসানো হয়েছে কিনা, এই এক্সিট রুটের পরিধি ভবনের আয়তনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখেন।
সাধারণত ভবনের আয়তন যত বড় হবে সিঁড়ির সংখ্যা ও পরিধিও তত বেশি থাকতে হয়। এছাড়া ফায়ার সেফটির জন্য দরকারি ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার হাইড্রেন্ট পয়েন্ট, স্প্রিঙ্কলার, হোস রিল, রাইজার, পানি ওপরে তোলার পাইপ, পাম্প, ফায়ার এলার্ম সিস্টেম ইত্যাদি যন্ত্রপাতি যথাযথ পরিমাণে আছে কিনা এবং সেগুলো মানসম্মত কিনা দেখা হয়।
সাধারণত আবাসিক, বাণিজ্যিক ও গুদাম হিসেবে ব্যবহৃত ভবনে এই ইকুইপমেন্টের সংখ্যা বা লোড ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এসব যথাযথ না হলে নকশায় পরিবর্তন আনার পরামর্শ দেন ওই কর্মকর্তা।
পরিদর্শনের পর তিনি আবেদন ফরম ও সংযুক্ত কাগজপত্রে কোনো ভুল-ত্রুটি বা তথ্যে গড়মিল পেলে বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করেন।
ওই ভুলত্রুটি বা গড়মিল নিরসনের জন্য আবেদনকারীকে তিন দিনের মধ্যে নোটিশ দেন মহাপরিচালক। সবকিছু ঠিকঠাক করার জন্য আবেদনকারীকে সাত দিনের সময় দেয়া হয়। সেটা চাইলে আরো ১৫ দিন বাড়ানোর সুযোগ রয়েছে।
আবেদনকারী পরামর্শ মোতাবেক সব নিয়ম পালন করলে এবং লাইসেন্স ফি জমা দিলে মহাপরিচালক লাইসেন্সের ছাড়পত্র দিয়ে থাকেন। আর নিয়ম না মানলে লাইসেন্স নামঞ্জুর করা হয়। তবে কর্মকর্তার কোনো সিদ্ধান্তে ভবন মালিক অসন্তুষ্ট হলে তিনি সিদ্ধান্ত জানার ৩০ দিনের মধ্যে মহাপরিচালকের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন এবং সরকারের কাছে আপিল করতে পারবেন। ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রয়েছে, তবে এক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
লাইসেন্স করার পর তা নিয়মিত নবায়নের কথাও আইনে বলা আছে। লাইসেন্স যে তারিখেই ইস্যু করা হোক না কেন তা উক্ত অর্থবছরের ৩০ জুন পর্যন্ত বহাল থাকে। এ জন্য পরের অর্থবছর শুরুর আগেই লাইসেন্স নবায়ন করতে হয়। না হলে লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে।
যে ভবনগুলো ২০১০ সালের আগে নির্মাণ হয়েছে তারা এনওসি নিলেও ফায়ার সেফটি লাইসেন্স নিতে পারেনি, কারণ তখন তা ছিল না। ২০১০ সালের পরের দিকে নির্মিত ভবনগুলোকে পরিকল্পনা পর্যায়ে এই লাইসেন্স সংগ্রহ করতে হয়েছে।
ভবন আগে নির্মাণ হোক বা পরে এখন থেকে সব ভবনকে ফায়ার সেফটি সংক্রান্ত ছাড়পত্র নিতেই হয়। আগে নির্মিত ভবনগুলো বিদ্যমান ভবন হিসেবে লাইসেন্স নেয়।
লাইসেন্স নেয়ার পরও দুর্ঘটনা
সেফটি লাইসেন্স নেয়ার পরও বাস্তবায়ন না করার ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।
তাজুল ইসলাম চৌধুরী জানান, এ লাইসেন্স দেয়ার ক্ষেত্রে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি বা দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা।
তিনি বলেন, ‘আমাদের কোনো কর্মকর্তার গাফেলতি থাকলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। গুলশানের ওই ভবনটিতে আগুন লাগার বিষয়টি তদন্ত করার সময় ভবনটি পরিদর্শনের দায়িত্বে যিনি ছিলেন তাকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। আমরা তাকে প্রশ্ন করেছি যে তিনি পরিদর্শনে গিয়েছেন কিনা, ফায়ার সেফটি ব্যবস্থা নিতে তিনি নোটিশ দিয়েছেন কিনা। কিন্তু ফায়ার সার্ভিস শুধু নোটিশ দিতে পারে। কাউকে জোর করার এখতিয়ার আমাদের নেই।’
তবে আইনে অভিযুক্ত কর্মকর্তা বা সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কোনো বিধান দেখা যায়নি। আইনে বলা হয়েছে, ‘এই আইন বা বিধির অধীনে সরল বিশ্বাসে কাজের ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে ব্রিগেড বা অধিদফতরের কোনো কর্মকর্তা বা কর্মচারী অথবা অন্য কোনো সংস্থার বিরুদ্ধে দেওয়ানী বা ফৌজদারি মামলা বা অন্য কোনো আইনগত কার্যক্রম গ্রহণ করা যাবে না।’
গত বছর প্রস্তাবিত ও বিদ্যমান মিলিয়ে এক হাজার ৮৭৯টি বহুতল ভবনকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে ফায়ার সার্ভিস। এসব বহুতল ভবনের মধ্যে আবাসিক, বাণিজ্যিক ও অন্য ভবন রয়েছে। মূলত ভবনগুলো অগ্নি নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত নকশা অনুমোদন করেই এই ছাড়পত্র দেয়া হয়।
আইন কতটা কঠোর
অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে এখনো সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে পুরানো ঢাকাকে ধরা হয়। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আগুন লাগার মূল কারণ অবৈধ কেমিকেলের মজুদ।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ‘পুরানো ঢাকায় অসংখ্য রাসায়নিক ও প্লাস্টিক কারখানা অবৈধভাবে পরিচালিত হচ্ছে। তবে আমাদের কাজ অগ্নি নির্বাপণ করা, কারখানা সরানোর কাজ আমার নয়। নিমতলী ও চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় এমন কোনো দোকানের লাইসেন্স দিচ্ছি না। যা আছে, সেগুলো অবৈধভাবে চলছে।’
তবে বড় কয়েকটি অগ্নি দুর্ঘটনা বিশেষ করে রানা প্লাজা ধসের পর ফায়ার আইন শাস্তি ও জরিমানা বেশ কঠোর করা হয়। আইনানুযায়ী কোনো ব্যক্তি লাইসেন্সের কোনো শর্ত পালন করতে ব্যর্থ হলে তাকে কমপক্ষে ছয় মাসের কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত করা হবে।
বিধান লঙ্ঘনকারী ব্যক্তি যদি কোম্পানি হয়, তাহলে ওই কোম্পানির প্রত্যেক পরিচালক, ম্যানেজার, সচিব বা অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা এজেন্ট বিধান লঙ্ঘন করেছেন বলে ধরা হবে। যদি না তিনি প্রমাণ করতে পারেন যে, ওই লঙ্ঘন তার অজ্ঞাতসারে হয়েছে অথবা লঙ্ঘন রোধ করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন। যদি কোনো ব্যক্তি এই আইন বা নির্ধারিত বিধান লঙ্ঘন করে কোনো ভবন বা স্থানে দাহ্য-বস্তু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সংকোচন বা বাছাই করেন, তাহলে তিনি কমপক্ষে দু’বছরের কারাদণ্ড ও এর অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন এবং ওইসব দাহ্য-বস্তু সরকার বাজেয়াপ্ত করতে পারবে।
যদি কোনো ব্যক্তি লাইসেন্সপ্রাপ্ত না হয়ে কোনো ভবন বা স্থানকে মালগুদাম বা কারখানা হিসেবে ব্যবহার করেন, তাহলে তিনি কমপক্ষে তিন বছরের কারাদণ্ড এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন এবং ওই ভবন বা স্থানের যাবতীয় মালামাল বাজেয়াপ্ত করা যাবে।
আবার কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করেন বা করতে বিরত থাকেন যা এই আইনের কেনো বিধান বা বিধানের অধীন প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশ অমান্য করার সামিল কিন্তু এজন্য এই আইনে কোনো স্বতন্ত্র দণ্ডের ব্যবস্থা রাখা হয়নি, তাহলে তিনি কমপক্ষে এক বছরের কারাদণ্ড ও এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন।
দুর্ঘটনার পরপরই অভিযান, বাকি সময়…
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ২৪ হাজার ১০২টি অগ্নি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৮৫ জন এবং আহত হয়েছেন ৩৭৭ জন। এর বাইরে ফায়ার সার্ভিসের কর্মী নিহত হয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন ৩০ জন।
এসব দুর্ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩৪২ কোটি টাকা। এই বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি এড়াতে আগুন প্রতিকারের চাইতে প্রতিরোধের ওপরেই সর্বোচ্চ জোর দিয়ে আসছে ফায়ার সার্ভিস। আগুন লাগার প্রধান তিন কারণ হল বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা ও বিভিন্ন ধরণের চুলা।
ফায়ার সার্ভিসে সাম্প্রতিক সময়ে নতুন যন্ত্রপাতি যুক্ত করা হলেও আরো কিছু আধুনিক যন্ত্রপাতি না থাকার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সংস্থাটির দেয়া তথ্য মতে, সারাদেশে অগ্নি নির্বাপনী ও উদ্ধার সরঞ্জাম, গাড়ি সব মিলিয়ে চার হাজার ৩৯৪টি যন্ত্রপাতি আছে। তবে বেশিরভাগ যন্ত্রপাতি রয়েছে ঢাকার ফায়ার স্টেশনে। বাংলাদেশে ৪৯২টি ফায়ার স্টেশনের মধ্যে ১১২টি রয়েছে ঢাকায়। সূত্র : বিবিসি
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের