editor
প্রকাশিত: 12:28 PM, July 5, 2023
অনলাইন ডেস্ক
বিরোধী দলের আপত্তি ও কঠোর সমালোচনা উপেক্ষা করে জাতীয় সংসদে বহুল আলোচিত ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট-২০২৩ বা গণপ্রতিনিধিত্ব আইন (সংশোধনী) বিল-২০২৩’ পাস হয়েছে। এতে নির্বাচন কমিশন (ইসি) ভোটের আগে নির্বাচন স্থগিত বা বন্ধের ক্ষমতা হারিয়েছে। এ ছাড়া এই সংশোধনীর ফলে রাজনৈতিক দলগুলোর কেন্দ্র কমিটিসহ সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্তির সময় ২০৩০ সাল পর্যন্ত বেড়েছে।
বিলটি পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে বিরোধী দল জাতীয় পার্টির মো. ফখরুল ইমাম বলেছেন, এটি পাসের মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হয়েছে।
আগে মনোনয়ন জমা দেওয়ার সাত দিন আগে ঋণ পরিশোধের বিধান ছিল। এখন সেটা এক দিন আগে করার মাধ্যমে ঋণখেলাপিদের নির্বাচনে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিপন্থী।
গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানও এ বিল পাসে আপত্তি জানিয়ে বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য আরপিও সংশোধনের প্রয়োজন নেই। প্রয়োজন হলো নির্বাচনব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
এই কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।
গত ৫ জুন সংসদের বিবেচনার জন্য আরপিও সংশোধনে বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় পার্টির ফখরুল ইমাম বিলটি উত্থাপনে আপত্তি জানালেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
এরপর গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিলের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠনোর প্রস্তাব দেন বিরোধী দল জাতীয় পার্টি, গণফোরাম ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। ওই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তাঁরা নির্বাচন পরিচালনায় ইসির ক্ষমতা খর্ব, নির্বাচনে ঋণখেলাপিদের বিশেষ ছাড় প্রদানসহ নির্বাচনকে প্রভাবিত করতে সরকারের পক্ষ থেকে এই বিলটি পাসের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন। তাঁরা বিলটি পাসে আপত্তি জানালেও তাঁদের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
যে কারণে ক্ষমতা খর্ব
বিলটি পর্যালোচনায় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের একজন কর্মকর্তার বক্তব্যে জানা যায়, কমিশন নিজেদের ক্ষমতা কমানোর পক্ষেই প্রস্তাব রেখেছিল। কিন্তু বিষয়টি প্রথমে আড়াল করার চেষ্টা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর ৯১(ক) ধারায় নির্বাচন কমিশনকে নির্বাচন চলাকালে গুরুতর অনিয়মের কারণে নির্বাচন বাতিলের ক্ষমতা দেওয়া ছিল। এ ক্ষমতা স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও রয়েছে। আগের নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এ ক্ষমতা প্রয়োগও করেছে। বিশেষ করে নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য কোনো প্রার্থীকে অপহরণ, মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া, সংশ্লিষ্ট সংসদ সদস্যের প্রভাব সৃষ্টি—এসব কারণে ওই ক্ষমতা প্রয়োগের নজির রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন আরপিওর ৯১(ক) ধারা থেকে ‘ইলেকশন (নির্বাচন)’ শব্দগুলোর পরিবর্তে ‘পোলিং (ভোটগ্রহণ)’ শব্দটি প্রতিস্থাপনের প্রস্তাব দেয় এবং অন্যান্য প্রস্তাবের সঙ্গে ওই প্রস্তাবটিও সংসদে পাস হয়। এর ফলে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনে শুধু ভোটগ্রহণের দিনই গুরুতর কোনো অনিয়মের কারণে ভোট বাতিলের ক্ষমতা প্রয়োগ করতে পারবে।
কিন্তু গত ২১ মে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচনপূর্ব সময়ে বা নির্বাচন চলাকালে ব্যাপক অনিয়মের অভিযোগ পেলে আরপিওর বিদ্যমান ধারা ৯১(ক) প্রয়োগ করে পুরো আসনের ভোট বাতিল করার ক্ষমতা বহাল রয়েছে। নির্বাচন কমিশন এই ধারা সংশোধনের কোনো প্রস্তাব দেয়নি।
টিআইবি আগেই উদ্বেগ প্রকাশ করেছিল
সম্প্রতি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে বলা হয়, এটি সংসদে পাস হলে নির্বাচন কমিশনের নির্বাচনী আইন লঙ্ঘনের কারণে যে কোনো নির্বাচনী এলাকায় চলমান নির্বাচন বাতিলের যে ক্ষমতা বিদ্যমান আইনে রয়েছে, তা কেড়ে নেওয়া হবে। ‘ইলেকশন’-এর স্থলে ‘পোলিং’ শুধু শব্দগত পরিবর্তন নয়, এর ব্যাপকতা আরো অনেক বেশি। এই বিল পাসের মাধ্যমে কমিশনের ক্ষমতা খর্ব করা হলে তা দেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে আস্থাহীনতার সংকটকে আরো ঘনীভূত করবে।
নির্বাচন কমিশন যা পায়নি
নির্বাচন কমিশন প্রস্তাব দিয়েছিল, ভোটের পর ফলাফলের গেজেট হওয়ার আগে অনিয়মের অভিযোগ পেলে এবং তদন্তে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট আসনের ফল বাতিল করার। এ জন্য আরপিওর ৯১(ক ক) নামে আরেকটি উপধারা যোগ করার প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু মন্ত্রিসভা প্রস্তাবিত নতুন ওই উপধারায় পুরো আসনের ভোট বাতিল না করে যেসব কেন্দ্র সম্পর্কে অনিয়মের অভিযোগ প্রমাণিত হবে সেই সব কেন্দ্রের ভোট বাতিলের অনুমোদন দেয়। সংসদেও এটি পাস হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ বলা হয়েছে, এতে নির্বাচন কমিশন ক্ষমতা হারায়নি, বরং ক্ষমতা কিছুটা বেড়েছে। কমিশন তার চাহিদা অনুসারে সব পায়নি, কিন্তু কিছু তো পেয়েছে।
আইনমন্ত্রী যা বললেন
৯১ (ক ক) ধারা সম্পর্কে গতকাল আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জোর-জবরদস্তি, গোলযোগ, সহিংসতায় তদন্ত সাপেক্ষে পুরো নির্বাচনী এলাকার ভোট বন্ধ করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। তবে একটি কেন্দ্রে গণ্ডগোলের কারণে পুরো আসনে নির্বাচন বন্ধে মানুষের অধিকার লঙ্ঘিত হয়। তাই বিষয়টি স্পষ্ট করতে আইনে সংশোধনী আনা হয়েছে। যাতে যেসব কেন্দ্রে অনিয়ম হয়েছে সেগুলো বন্ধ করতে পারবে। একই আসনের যেখানে সঠিক নির্বাচন হয়েছে, তা বন্ধ করার ক্ষমতা কমিশনকে দেওয়া হয়নি। এটাকে ইসির ক্ষমতা খর্ব করা হয়নি, বরং ইসিকে শক্তিশালী করা হয়েছে।
আরো কিছু পরিবর্তন
আরপিওর ৯০বি ধারাতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কমিটিসহ সব পর্যায়ের কমিটিতে ২০২০ সালের মধ্যে ন্যূনতম ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বিধান ছিল। এটি পরিবর্তন করে এই সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
৮৪ ধারার সঙ্গে নতুন ৮৪এ ধারা যোগ করে তাতে ভোটের সময় নির্বাচন কমিশন অনুমোদিত সাংবাদিক বা পর্যবেক্ষক হামলার শিকার হয়ে আহত হলে এবং তাঁদের ব্যবহৃত যন্ত্রপাতি ভাঙচুর করা হলে হামলাকারীদের জন্য ন্যূনতম দুই বছর থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
৯০ডি ধারায় বলা ছিল, নিবন্ধনের জন্য কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে সাময়িক গঠনতন্ত্র জমা দিলে তা নবম সংসদ অধিবেশন বসার পর ১২ মাসের মধ্যে সংশোধিত গঠনতন্ত্র জমা দিতে হবে। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দল নিবন্ধনের ক্ষেত্রে এই বিধানটি করা হয়। এই বিধানটি বর্তমানে অপ্রয়োজনীয়। সে কারণে এটি পরিবর্তন করে নিবন্ধনের আবেদন করার পর ৩০ দিনের মধ্যে সংশোধিত গঠনতন্ত্র জমা দেওয়ার বিধান রাখা হয়েছে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ