editor
প্রকাশিত: 12:27 AM, May 1, 2022

কৃতীমান মানব মুহিত আজ সবকিছুর ঊর্ধ্বে
নিজস্ব প্রতিবেদক
একটা পরিপূর্ণ জীবন। আক্ষেপ নেই, নেই না পাওয়ার বেদনা। শিশুর মতো সরল হাসি ছিল তার ট্রেড মার্ক। ইংরেজি সাহিত্যের ছাত্র সফলতা দেখিয়েছেন অর্থনীতির ময়দানে। চতুর্থ শ্রেণির ছাত্র থাকাকালে যে কৃতী জীবনের যাত্রা শুরু হয়েছিল তা অব্যাহত ছিল বিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হার্ভার্ড। পাকিস্তান সিভিল সার্ভিস থেকে বিশ্বব্যাংক। কোথায় পা পড়েনি তার? শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রতি অফুরান অনুরাগ অন্য রাজনীতিবিদদের থেকে একদম আলাদা করেছে তাকে। ব্রিফকেস হাতে রেকর্ড ১২ বার ঢুকেছেন সংসদে। এরমধ্যে টানা দশবার
তার ঘোষিত বাজেট উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তার সময়ে বড় হয়েছে বাজেটের আকার। আবুল মাল আব্দুল মুহিত। কোনো সমালোচনা যে নেই তার এমনটা নয়। কিন্তু সিলেটে জন্ম নেয়া এদেশের কৃতীমান মানব মুহিত আজ সবকিছুর ঊর্ধ্বে। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিয়েছেন তিনি।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শুক্রবার রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাষ্ট্রচিন্তক, কূটনীতিক ও প্রাজ্ঞ এই ব্যক্তির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত নানা রোগসহ দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভুগছিলেন। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাঙালির প্রতিটি অধিকার আদায়ের সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। স্বাধীনতার পর দেশ গঠনের কাজেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কখনো প্রশাসনের কর্মকর্তা, আবার কখনো সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে অনন্য অবদান রেখেছেন।
শনিবার গুলশানের আজাদ মসজিদে মুহিতের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় সিলেটে। আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশিষ্টজন ও বিভিন্ন সংগঠন।
পরিবার সূত্রে জানা গেছে, গতবছর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই বর্ষীয়ান সদস্য। বার্ধক্যের নানা সমস্যাও পেয়ে বসেছিল। শারীরিক দুর্বলতার কারণে মুহিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মার্চের প্রথম সপ্তাহে। অবস্থার কিছুটা উন্নতি হলে ফিরে গিয়েছিলেন নিজের জেলা সিলেটে। গত ১৬ই মার্চ সিলেটে ‘গুণীশ্রেষ্ঠ সম্মাননা’ অনুষ্ঠানই ছিল তার শেষ কোনো অনুষ্ঠানে মঞ্চে আরোহণ। ওইদিন সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে দেয়া সম্মাননা গ্রহণ করে মুহিত বলেছিলেন, আমি আমার জীবনকে নিয়ে গর্বিত। অনেকে হয়তো একে আত্মগরিমা বলবেন। কিন্তু এটা অন্যায় নয়। বরং এর জন্য নিজেকে গড়ে তুলতে হয়। নিজের জেলার মানুষের সম্মাননায় সিক্ত হয়ে আবেগ আপ্লুত মুহিত সেদিন বলেছিলেন, আমি একান্তভাবে সিলেটের মানুষ। আমার জন্মভূমি আমার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছে- এটার চেয়ে বড় প্রাপ্তি তো আর কিছু হতে পারে না।
অর্থনীতির ইতিহাসে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে আবুল মাল আব্দুল মুহিত একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। এর একটি বড় কারণ হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে মুহিত সবচেয়ে বেশি সময় যাবৎ অর্থমন্ত্রী ছিলেন। এর মধ্যে ২০০৯ সাল থেকে টানা ১০ বছর তিনি আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধ, জনপ্রশাসন, অর্থনীতি ও রাজনৈতিক বিষয়ে মুহিত বই লিখেছেন ৩৫টি।
জানা গেছে, ১৯৭১ সালের মার্চে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়লে শুরু হয় মুক্তিযুদ্ধ। ওই সময় রণাঙ্গনে লড়াইয়ের পাশাপাশি তাৎপর্যপূর্ণ ছিল বহির্বিশ্বে বাঙালির স্বাধীনতার পক্ষে জনমত ও কূটনৈতিক সমর্থন আদায়। আর এ কাজটি করতে যারা অসীম সাহসে তৎকালীন পাকিস্তান সরকারের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন, তাদের একজন ছিলেন আবুল মাল আব্দুল মুহিত, যিনি পরবর্তীকালে বাংলাদেশের অর্থমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছেন, অগ্রণী ভূমিকা রেখেছেন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায়।
তথ্যমতে, মরহুম প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সময় ১৯৮২-৮৩ অর্থবছরে মুহিত প্রথম বাজেট পেশ করেন। সে বাজেটের পরিমাণ ছিল ৪ হাজার ৭৩৮ কোটি টাকা। সর্বশেষ তিনি ২০১৮-১৯ অর্থবছরে আব্দুল মুহিত তার ১২তম বাজেট পেশ করেন। ওই অর্থবছরে তার প্রস্তাবিত বাজেট ছিল ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।
মহাতৃপ্তির-মহাপ্রাপ্তির বর্ণাঢ্য জীবন: আবুল মাল আব্দুল মুহিত ১৯৩৪ সালের ২৫শে জানুয়ারি সিলেট শহরে জন্মগ্রহণ করেন। বাবা এডভোকেট আবু আহমদ আবদুল হাফিজ ছিলেন তৎকালীন সিলেট জেলা মুসলিম লীগের নেতা। মা সৈয়দ সাহার বানু চৌধুরী ছিলেন সিলেট মহিলা মুসলিম লীগের সহ-সভানেত্রী। আবু আহমদ আবদুল হাফিজ ও সৈয়দা শাহার বানু চৌধুরীর ১৪ সন্তানের মধ্যে তৃতীয় সন্তান মুহিত। আব্দুল মুহিতের তিন সন্তানের মধ্যে মেয়ে সামিয়া মুহিত একজন ব্যাংকার। বড় ছেলে শাহেদ মুহিত একজন আর্কিটেক্ট, আর ছোট ছেলে সামির মুহিত শিক্ষকতায় ?যুক্ত। মুহিত ১৯৫১ সালে সিলেট এমসি কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগ ও প্রথম স্থান লাভ করেন।
১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে বিএ (অনার্স) পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন। ১৯৫৫ সালে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি বায়ান্নর ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন।
মুহিত ১৯৫৫ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৬ সালে লাহোরে সিভিল সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে কর্মজীবনে প্রবেশ করেন। মহকুমা হাকিম (এসডিও) হিসেবে তার প্রথম কর্মস্থল ছিল তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতান। পরে তিনি কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৫৭-১৯৫৮ সলে বৃটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রি নেন। ১৯৬০-১৯৬৯ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৬ সালে তিনি সরকার কর্তৃক তমগা-এ- খেদমত খেতাবে ভূষিত হন। পাকিস্তান কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা কমিশন প্রধান ও ডেপুটি সেক্রেটারি থাকাকালে তিনি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য সম্পর্কে প্রতিবেদন প্রদান করেন। প্রতিবেদনটি পাকিস্তান জাতীয় কংগ্রেসে প্রদত্ত পূর্ব ও পশ্চিম বৈষম্য প্রসঙ্গে প্রথম প্রতিবেদন।
১৯৬৯ সালে মুহিত যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর পদে যোগ দেন। এরই মধ্যে গড়ে ওঠে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান। ১৯৭১ সালে তিনি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনিই প্রথম পাকিস্তানি কূটনীতিক, যিনি বাংলাদেশের পক্ষে পাকিস্তানের কূটনৈতিক দায়িত্ব ত্যাগ করেন। দেশ স্বাধীনের পর তাকে ১৯৭২ সালে বাংলাদেশ সরকারের পরিকল্পনা সচিব এবং ১৯৭৭ সালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের দায়িত্ব দেয়া হয়।
কৃতী এই ব্যক্তিত্ব ১৯৮১ সালে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। তিনি বিশ্বব্যাংক, আইএমএফ, আইডিবি ও জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করেন।
তিনি ১৯৮২-১৯৮৩ সালে সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪-১৯৮৫ সালে তিনি তৎকালীন সরকার থেকে অবসর নিয়ে আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো হিসেবে অধ্যাপনা করেন।
দেশে ফিরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। ২০০১ সালের নির্বাচনে সিলেট-১ আসন থেকে অংশ নেন তিনি। নির্বাচনে জয়ী না হলেও ‘আলোকিত সিলেট’ গড়ার লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নে নিজেকে নিয়োজিত করেন।
২০০৮ সালের নির্বাচনে তিনি সিলেট-১ আসনের এমপি নির্বাচিত হন। তিনি ২০০৯ সালের ৬ই জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০১৯ সালের নির্বাচনের আগ পর্যন্ত তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে তিনি সর্বাধিক জাতীয় বাজেট পেশ করেন।
দশ বছর দায়িত্ব সামলে ২০১৯ সালের ৭ই জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ে নিজের শেষ কর্মদিবসে এক বিদায়ী অনুষ্ঠানে হাসতে হাসতে তিনি বলেন, এটি আমার খুব আনন্দের বিষয়, আমাকে বিদায়-টিদায় করতে হয়নি, আমি নিজে নিজেই বিদায়টা নিয়ে নিয়েছি।
চতুর্থ শ্রেণিতে পড়ার সময় থেকেই বিখ্যাত হয়ে ওঠেন আব্দুল মুহিত। ছোটবেলায় তেমন মেধাবী ছাত্র না হলেও ম্যাট্রিকুলেশনে গিয়ে ভালো ফলাফল করেন। এরও আগের একটা ঘটনা আছে, যেটাতে তিনি প্রসিদ্ধ হয়েছিলেন। এটা ছিল ইংরেজি জানার কারণে। মুহিত এক সাক্ষাৎকারে বলেন, আমার একজন ইংরেজি শিক্ষক ছিলেন। তিনি তখন এক সরকারি কর্মকর্তাকে গিয়ে বললেন, একটা ছেলে আছে, যে কিনা ইংরেজিটা খুব ভালো জানে। সে আপনার উপস্থিতিতে আপনার ওপর একটা স্বাগত বক্তব্য দিতে পারবে। ওই কর্মকর্তা একদিন স্কুলে এলেন এবং আমিও সেই স্বাগত বক্তব্য দিলাম। তখন খুব নাম হলো আমার।
শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা: কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মরদেহে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানানো শেষে সেখান থেকে দাফনের জন্য মরদেহ নেয়া হয় তার জন্মস্থান সিলেটে।
এর আগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয়। শনিবার বেলা ১১টা ৫ মিনিটে নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়েছে। তবে জাতীয় সংসদ প্লাজায় সাবেক এই অর্থমন্ত্রীর দ্বিতীয় জানাজা অনিবার্য কারণে স্থগিত করা হয়।
গুলশান আজাদ মসজিদের জানাজায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আবুল মাল আব্দুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদসহ অন্যরা জানাজায় উপস্থিত ছিলেন।
এদিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মরদেহ দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে প্রেসিডেন্টের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কবির আহমেদ এবং স্পিকারের পক্ষে কমোডর নাঈম রহমান শ্রদ্ধা জানান। এরপর সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান খান নূর, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়াও ঢাবি অ্যালামনাই এসোসিয়েশন, জাসদের পক্ষে হাসানুল হক ইনু, পরিবেশ আন্দোলনের পক্ষে আবু নাসের খান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পেশাজীবী সমন্বয় পরিষদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ ও বিশিষ্ট নাগরিকসহ নানা শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে দুপুর ১টা ৪০ মিনিটে বাদ জোহর তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহবাহী এম্বুলেন্স সিলেটের উদ্দেশ্যে রওনা হয়।
শহীদ মিনারে আব্দুল মুহিতকে শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেছেন, এদেশের রাজনীতিতে সৎ মানুষ খুব বেশি নেই। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শতভাগ সৎ মানুষ ছিলেন। প্রয়াত অর্থমন্ত্রীর অনেক অবদান। তিনি ভাষা আন্দোলন করেছেন এবং মুক্তিযুদ্ধ করেছেন। ১০টি বাজেট তিনি শেখ হাসিনা সরকারের আমলে দিয়েছেন। আমি এমন কাজপাগল মানুষ কম দেখেছি। কাজেই ডুবে থাকতেন। পড়াশোনায়ও ডুবে থাকতেন। ছুটির দিনেও তাকে অফিসে দেখা যেত।
এ সময়, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে বাংলাদেশ একজন প্রাজ্ঞ মানুষকে হারিয়েছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন তিনি। তার এই চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। দেশের জন্য ক্ষতি, আমাদের দলের জন্য ক্ষতি। প্রয়াত অর্থমন্ত্রী একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশ আজকে স্বল্প আয়ের থেকে মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে। সমস্ত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশে যে আজকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীকে সহায়তা করেছেন। তার মাধ্যমে দেশের সর্বমোট ১২টি বাজেট পেশ হয়েছে। তারমধ্যে আওয়ামী লীগের হয়ে তিনি ১০টি বাজেট পেশ করেছেন। আব্দুল মুহিতের কাছে নম্রতা, ভদ্রতাসহ অনেক কিছু শেখার ছিল। তিনি আমাদের ছেলের মতো আপন করে নিতেন। সেটি অভাবনীয়। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, আবুল মাল আব্দুল মুহিত শুধু বাংলাদেশে নয়, বিশ্বের মধ্যে একজন আলোকিত মানুষ ছিলেন। তার মধ্যে দায়িত্ববোধ ও মানবিক গুণাবলী ছিল।
এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করতে এসে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, অল্প সময়ের মধ্যে দেশকে কীভাবে পরিপূর্ণ রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নয়নশীল কাতারে নিয়ে আসা যায় তার আন্তর্জাতিক নজির দেখিয়েছেন আব্দুল মুহিত। প্রধানমন্ত্রী ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার যেই রূপকল্প দিয়েছিলেন সেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা দুরূহ ছিল তা অনেকেই অনুধাবন করতে পারবে না। কিন্তু তিনি সেটা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করে গেছেন।
ফজলে নূর তাপস বলেন, যেখানে আমাদের জিডিপি’র মূল্য ছিল মাত্র ১০০ বিলিয়ন ডলারের নিচে। মাত্র দশ বছরের মধ্যে তিনি সেটাকে সাড়ে ৩০০ বিলিয়ন ডলারের ঊর্ধ্বে নিয়ে গেছেন। তার এই দীর্ঘ কর্মজীবনে তিনি পরিপূর্ণভাবে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। রাজনীতিও অর্থনীতি দু’টোর সংমিশ্রণ ঘটিয়ে তিনি উদার নজির আমাদের জন্য রেখে গেছেন। আবদুল মুহিতের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়র বলেন, তার মৃত্যুতে আমাদের একটি অপূরণীয় ক্ষতি হলো। আমরা অত্যন্ত শোকাহত। তার ইন্তেকালে আমরা ঢাকা দক্ষিণ সিটির পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল ও দীর্ঘ সময় তিনি বাংলাদেশে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে নেতৃত্ব দিয়েছেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যারা স্বাধীনতা এনেছেন তাদের মধ্যে অন্যতম আবুল মাল আব্দুল মুহিত। মুক্তিযুদ্ধের সময় তিনি ওয়াশিংটনে ছিলেন এবং প্রবাসীদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন। প্রবাসীদের প্রচেষ্টা না থাকলে বঙ্গবন্ধুর মুক্তি আন্দোলনে সম্ভব ছিল না। মুক্তিযুদ্ধ পরবর্তীতে জাতি গড়ার ক্ষেত্রেও অবদান রেখেছেন তিনি। দান করার জন্য সবসময় মানুষকে উৎসাহিত করতেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, তিনি দেশের অর্থনীতিতে নানাভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন। দেশের অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখা একজন মানুষ আবুল মাল আব্দুল মুহিতকে হারানো বেদনাদায়ক। উনি যে কাজের মধ্যে ছিলেন এটা আমরা ধরে রাখতে পারলে দেশের কল্যাণ হবেই।
আসাদুজ্জামান নূর বলেন, তিনি আপাদমস্তক একজন ভালো মানুষ ছিলেন। তিনি অর্থনীতি এবং সাংস্কৃতিকে চমৎকারভাবে সন্নিবেশ করেছিলেন। তিনি যা ভাবতেন তা বাস্তবায়ন করতে পারতেন। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বহুগুণে গুণান্বিত মুহিত ভাই। আমরা একজন মেধাবী লোককে হারালাম। সাংস্কৃতিক জগতের একজন পৃষ্ঠপোষককে হারালাম।
আব্দুল মুহিতকে নিয়ে সিপিডি’র বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে আবদুল মুহিত যখন অর্থমন্ত্রী ছিলেন, সে সময়টিতে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা মোটামুটি ভালো ছিল। অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সঙ্গে প্রবৃদ্ধির মাত্রাও মোটামুটি ভালো ছিল এবং তা ক্রমান্বয়ে বেড়েছে। মুহিত অর্থমন্ত্রী থাকার সময় কৃষি ও শিল্পে বড় ধরনের কোনো সংকট লক্ষ্য করা যায়নি।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের