admin
প্রকাশিত: 11:29 AM, June 6, 2026

Oplus_16908288
স্টাফ রিপোর্টার:
সিলেটে নারীদের দিয়ে পাতা ‘মধুফাঁদ’ বা ‘হানিট্র্যাপ’ চক্রের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সচেতনতামূলক প্রচার ও পুলিশের বারবার সতর্কবার্তা সত্ত্বেও এই ফাঁদে পা দিয়ে প্রতিনিয়ত নিঃস্ব ও নির্যাতনের শিকার হচ্ছেন সাধারণ পুরুষরা। সর্বশেষ গত সোমবার (১ জুন) এমনই এক চক্রের জালে পড়ে অপহরণ ও নির্মম নির্যাতনের শিকার হয়েছেন জিল্লুর রহমান (২৭) নামে এক যুবক। তবে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর কল ও পুলিশের তৎপরতায় ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি চক্রের দুই নারীসহ ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কুনিপাড়ার এমরান খানের স্ত্রী মীম আক্তার নাহিদা (২২), একই পাড়ার নাসির মিয়ার ছেলে মিল্লাত (২০), মিল্লাতের মা শিল্পি বেগম (৪০), শাহপরাণ থানাধীন কল্পগ্রামের রফিক মিয়ার ছেলে এমরান খান (২৪) এবং সুরমা গেইট এলাকার বিলাল মিয়ার ছেলে স্বপন আহমেদ (২৩)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগী জিল্লুর রহমানের সাথে অভিযুক্ত মীম আক্তার নাহিদার পরিচয় হয়। গড়ে ওঠে নিয়মিত যোগাযোগ। এরই সূত্র ধরে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে মীম আক্তার জিল্লুরকে দেখা করার কথা বলে এয়ারপোর্ট থানাধীন ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ বড়বাজার গলির মুখে ডেকে নেন। জিল্লুর সেখানে পৌঁছামাত্র পূর্বপরিকল্পনা অনুযায়ী মীম ও তার সহযোগী মিল্লাত, এমরান ও স্বপন তাকে জাপটে ধরে মারধর শুরু করে। পরে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে তাকে কুনিপাড়া এলাকার একটি বসতঘরে নিয়ে আটকে রাখা হয়।
সেখানে চক্রের অপর সদস্য শিল্পি বেগমসহ আরও কয়েকজন জিল্লুরকে বেধড়ক মারধর করে তার পকেটে থাকা ৮ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় জিল্লুরের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং তাৎক্ষণিক ‘৯৯৯’-এ কল করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে জিল্লুর রহমানকে উদ্ধার এবং অভিযুক্ত ৫ জনকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, সিলেটে এমন ‘হানিট্র্যাপ’ বা মধুফাঁদের একাধিক সিন্ডিকেট গড়ে উঠেছে। মহানগরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে এরা নিজস্ব আস্তানা তৈরি করেছে। গত এপ্রিলে দুই ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ এই চক্রগুলোর চরম বর্বরতার সন্ধান পায়।
গত ৯ এপ্রিল রাতে রিফাত ও মাহফুজ নামের দুই যুবককে একইভাবে জিম্মি করে শাহজালাল উপশহরের যতরপুরের একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে চক্রের মূলহোতা তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহা ও জেসমিন আক্তারসহ অন্য সদস্যরা ধারালো অস্ত্র ও ইলেকট্রিক শক দিয়ে তাদের ওপর শারীরিক নির্যাতন চালায়। শুধু তাই নয়, তাদের উলঙ্গ করে অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। পরে ৯০ হাজার টাকা আদায়ের পর কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ২ নারী ও ২ পুরুষ গ্রেফতার হয়। পরবর্তীতে র্যাব-৯ এর অভিযানে এই চক্রের আরও সদস্য ধরা পড়ে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, “সিলেটে হানিট্র্যাপের একাধিক চক্র সক্রিয় থাকার তথ্য আমাদের কাছে রয়েছে। এদের শিকড়সহ উপড়ে ফেলতে পুলিশ ও গোয়েন্দা দল নিরলসভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “সামাজিক মর্যাদা ও লজ্জার ভয়ে অনেক ভুক্তভোগীই পুলিশের কাছে আসতে চান না, যা অপরাধীদের আরও সাহসী করে তোলে। আমরা আহ্বান জানাচ্ছি, কেউ এমন প্রতারণার শিকার হলে বা তথ্য জানলে নির্ভয়ে পুলিশকে জানান। তথ্যদাতার নাম গোপন রেখে ভুক্তভোগীকে সর্বোচ্চ আইনি সহযোগিতা প্রদান করা হবে।”
2 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
3 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
1 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
8 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
5 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
1 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।