editor

প্রকাশিত: 10:16 AM, September 3, 2020

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা শাহাব উদ্দিনের কোটি টাকার বাণিজ্য

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা শাহাব উদ্দিনের কোটি টাকার বাণিজ্য

2

নিজস্ব প্রতিবেদক::
চারদিকে জনবসতি, বাজার, মসজিদ, শিশুদের স্কুল। এসব ঘিরেই পাথর ভাঙার অগণন ক্রাশার মেশিনের বিকট শব্দ। সরকারের খাস জায়গা দখল করেই চলে পরিবেশের বিপর্যয়। সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের ১০ নং আদর্শ গ্রামের আশপাশের এলাকাজুড়ে এমন কার্যক্রম সবার জানা। কোন ধরণের ইজারা ছাড়াই সরকারের জায়গা দখল করে দীর্ঘদিন থেকে পরিবেশের এমন বিপর্যয় ঘটাচ্ছেন শাহাব উদ্দিন নামের এক বিএনপি নেতা ও আরও কয়েকজন। পরিবেশের বিরামহীন ক্ষতির মধ্যদিয়ে বিএনপির ওই নেতা কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি সিলেট ভয়েসের অনুসন্ধানে উঠে এসেছে। এতে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটলেও উচ্ছেদে নেই প্রশাসনের কোন পদক্ষেপ। কয়েকবার জায়গা খালি করতে নোটিশ দেয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি।
সরেজমিনে গত ২০ আগস্ট কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গিয়ে দেখা যায়- ১০ নং আদর্শগ্রাম থেকে শুরু করে উত্তরে ভারতের মেঘালয় সীমান্ত পর্যন্ত মূল সড়কের উভয় পাশে প্রায় হাজারের উপর ক্রাশার মেশিন। সড়কের পূর্বে ধলাই নদীর উপরের অংশ এবং পশ্চিমে নয়াগাঁও পর্যন্ত ভারতের ১২৪৮ নং পিলারের পাশ পর্যন্ত বিস্তীর্ণ সরকারি খাস জায়গা দখল করেই ক্রাশারের রাজত্ব। আর এসব জায়গার ভিতরেই মুক্তিযোদ্ধাদের আদর্শগ্রাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজার এবং মসজিদ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মূল সড়ক থেকে পূর্বপাশে ১১৫ ও পশ্চিমে ১০৫ দাগসহ আরও কয়েকটি দাগ মিলে প্রায় ৭৬০ একর জায়গা। যেখানে স্বাধীনতা যুদ্ধপরবর্তী সময়ে ছিলো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ‘রেইনট্রি গাছের’ সারি। সবুজে ঘেরা এ জায়গায় রেইনট্রি গাছ বিলিয়ে দিত নির্মল বাতাস। অথচ এখন বৃক্ষের বদলে কেবল ক্রাশারের বিকট শব্দ ধুলোময় বাতাস। যেখানে বাতাস এতটাই দূষিত হয়েছে যে নাক মুখ বেঁধেই চলাচল করতে হয় জনসাধারণকে।
ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকার নৌকা ঘাটে বসে বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তির সাথে কথা হলে তিনি জানান, শাহাব উদ্দিন নামের এক বিএনপি নেতা জায়গাটি দখলে রেখেছেন। ১৯৯০ সালের শেষ এবং ৯১ এর শুরুর দিকে সরকারের মূল্যবান বনভূমি উজাড় করে শুরু হয় দখল। সে দখল এখন অনেকটা ‘মালিকানায়’ গিয়ে ঠেকেছে।
বয়োজ্যেষ্ঠ ওই ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের জন্মের পর থেকেই এখানে বনাঞ্চল দেখেছি। স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদারদের আক্রমণ থেকে রক্ষা পেতে এ বনে এখানকার মানুষ আশ্রয় নিতেন। স্বাধীনতা পরবর্তী সময়েও একইরকম ছিল। পরে বিএনপি সরকার ক্ষমতায় আসলে ৯১ সালের শুরুর দিকে এ জায়গার দখল শুরু হয়। সেই থেকে বন কেটে উধাও করা শুরু। এখন আর কোথাও বনাঞ্চল নেই। সবখানেই শাহাব উদ্দিনের ক্রাশার।’
সবগুলো ক্রাশার মেশিন কি শাহাব উদ্দিনের নামের ওই ব্যক্তির একার, নাকি তার সাথে অন্য কেউ শরীক আছেন; জানতে চাইলে বয়োজ্যেষ্ঠ ওই ব্যক্তি বলেন, ‘ক্রাশারগুলো বিভিন্ন মালিকানা। তবে জায়গার দখল শাহাব উদ্দিনের। শাহাব উদ্দিন চুক্তি দেন। বছর, ছয়মাস আবার কারো কাছ থেকে মাসিক ভাড়া আদায় করেন। তবে বসানোর আগে এক সাথে অগ্রিম একটা টাকা দিতে হয়। যার যে পরিমাণ জায়গা লাগবে সে অনুযায়ী টাকা দিতে হয়।’
কথা বলার সময় পাশে এসে হাজির হলেন এক অটোরিকশা চালক। তাতেই কথা বলা বন্ধ করে দিলেন বয়োজ্যেষ্ঠ ওই ব্যক্তি। কিছুক্ষণ নীরবতার পর অটোচালক প্রশ্ন করেন- ‘কিতাবা মাত বন্ধ করিদিলায় কেনে? কিতা জানতা চাইরা আমারে জিকাইন। কইমু। খালী আমরার নামখান লেখবা না। আমরা গরীব মানুষ। হুদা বিফদে ফালাইয়া লাভ নাই।’
ওই অটোচালক দীর্ঘ আলাপচারিতায় জানালেন অনেক তথ্য। তাদের দেয়া তথ্যমতে ‘শাহাব উদ্দিন নির্ধারিত অর্থের বিনিময় জায়গা ভাড়া দেন। বিএনপি নেতা হলেও স্থানীয় প্রভাবশালী, উপজেলা ভূমি অফিস, সরকারদলীয় নেতাকর্মী সকলকেই ভাগ দিয়ে দখল টিকিয়ে রেখেছেন তিনি’।
তবে সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন এখানে তার কোন দখলদারিত্ব নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘১১৫ দাগে আমার রেকর্ডিয় জায়গা আছে ৫ বিঘা। এখানে আমার নিজের একটা মেশিন আছে। এর বাইরে আমার কোন সম্পৃক্ততা নেই। আপনি তথ্য নিলে বুঝবেন এখানে কার কি পরিমাণ জায়গা দখল।’
শাহাব উদ্দিন আরও বলেন, ‘আমি বিরোধীদলীয় নেতা হিসেবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে দখলে রাখার কোন সুযোগই নাই। এখানে বিভিন্ন মানুষের মালিকানাও আছে।’
এদিকে ভূমি অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘১০৫, ১১৫ এসব দাগের পুরোটাই খাসের জায়গা। শাহাব উদ্দিনের দখলে প্রায় ১শত বিঘা (৩ হাজার একর)। শাহাব উদ্দিনের দখলি জমিতে রণজিৎ সিং যাচ্ছার ও কাহিনুমুং যাচ্ছার নামের দুই ব্যক্তির জায়গা রয়েছে৷ কিন্তু এই জায়গাগুলোও এক সময় সরকারের খাস জায়গা হিসেবে অন্তর্ভুক্ত হয়। কিন্তু বিগত কয়েক বছর আগে দেখা গেলো শাহাব উদ্দিন সাহেব জায়গাগুলো উনার নিজের নামে নামজারীর আবেদন করলেন। এসময় উনি এক ছেলেকে রণজিৎ সিং যাচ্ছার ও কাহিনুমুং যাচ্ছার এর উত্তরাধীকারী হিসেবে দাবি করেছিলেন। পরে দেখা গেলো প্রকৃতপক্ষে উত্তরাধীকারী দাবি করা ওই ছেলে শাহাব উদ্দিনের পেট্রোল পাম্পের কর্মী। তাই উনার আবেদনটি খারিজ করা হয়েছিলো। পরবর্তীতে শাহাব উদ্দিন হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট থেকেও তার আবেদন খারিজ হয়েছে। এখানে উনার কোন জায়গা নেই। যদি কোন কাগজ দেখান উনি তাহলে তা জাল কাগজ।’
ক্রাশার মেশিনের বিষয়ে তিনি বলেন, সবগুলোই অবৈধভাবে বসানো হয়েছে। একটিরও বৈধতা নেই। তুলে দেয়া হলে কেউ বসতে পারবে না। একসময় শাহাব উদ্দিন দলীয় প্রভাব খাটিয়ে জায়গা দখলে নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাছাড়া তার পারিবারিক প্রভাবও ছিলো। বর্তমানে জাল দলিলে তিনি দখল ও বিক্রি করেছেন অনেক জায়গা। কিন্তু মালিকানা বিক্রির কোন সুযোগ নেই।
তবে পরিবেশের এমন বিপর্যয়ের পাশাপাশি সরকারি জায়গা দখলের ব্যপারে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। তিনি বলেন, ‘ক্রাশার মেশিনের মাধ্যমে এখানকার বাতাস দিন দিন বিষাক্ত হচ্ছে। চারদিকে ক্রাশার মেশিন আর মাঝখানে স্কুল, এতে বাচ্চাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। তাছাড়া সরকারি ভূমি দখল সব মিলে প্রশাসনের দ্রুত একটি পদক্ষেপের মাধ্যমে এটি উচ্ছেদ করা প্রয়োজন।’

7

তিনি আরও বলেন, কেবল উচ্ছেদ করলেই হবে না, বনভূমি উজাড়, পরিবেশের ক্ষতি সব কিছুর পরিমাণ নির্ধারণ করে পরিবেশ অধিদপ্তর থেকে মামলা করা উচিৎ।
এদিকে বিএনপি নেতার এমন কর্মকাণ্ডের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাহের শামীমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জে ভূমিখেকো চক্র আওয়ামী লীগ বিএনপি সবাই মিলেমিশে। এখানে কোন দলমত নেই। দখলের ক্ষেত্রে সবাই এক। তবে আমি যেটুকু জানি শাহাব উদ্দিনের নিজের কিছু জায়গা আছে। দখল বলতে কিছু আছে বলে আমার জানা নেই। কিন্তু ঘটনা যাই হোক অবৈধ কোন কিছু হলে তা উচ্ছেদ করা হোক।’
এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য জায়গাটি দখলমুক্ত করা হবে জানিয়ে বলেন, ‘আমরা একটি তালিকা করেছি। তালিকায় জায়গার পরিমাণও নির্ধারণ করা আছে। করোনার কারণে উচ্ছেদ অভিযান করা যাচ্ছে না। শীঘ্রই আমরা উচ্ছেদ করে দিব।’
এদিকে পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এমরান হোসেনের সাথে যোগাযোগ করতে একাধিকবার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে সকল বিষয় শুনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিবেশ দূষণ ও নিয়ন্ত্রণ) মনীষ চাকমা বলেন, ‘ক্রাশার মেশিন চালানোর নির্ধারিত কিছু নিয়ম আছে। এ ভাবে তো যত্রতত্র চালাতে দেয়া যায় না। এগুলোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে আমি সিলেটের পরিচালককে এখনই ফোন করে বলে দিচ্ছি। কারণ ক্রাশার মেশিনের বিকট শব্দে স্কুলের বাচ্চা, জনসাধারণ সবার ক্ষতি হবে। আর পুরো কোম্পানীগঞ্জের ব্যাপারটিও যাতে গুরুত্বসহকারে পদক্ষেপ নেন আমি সে নির্দেশনাও উনাকে এখনই দিচ্ছি।’

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

5 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

5 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

4 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

1 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

3 স্টাফ রিপোর্টার: 7 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

4 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
3