editor
প্রকাশিত: 3:23 PM, March 2, 2026
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলায় ‘মিলেমিশে’ পাথর লুটপাট এবং এর ভাগবাটোয়ারা নিয়ে পুলিশ ও এক স্থানীয় ব্যক্তির একাধিক অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সদ্য বহিষ্কৃত ইনচার্জ এসআই কামরুল আলম এবং স্থানীয় আব্দুল জলিল নামে এক ব্যক্তির মধ্যকার এই কথোপকথন এখন পুরো জেলায় ‘টক অব দ্য টাউন’।
ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা যায়, আব্দুল জলিল সিলেটের আঞ্চলিক ভাষায় এসআই কামরুলকে পরামর্শ দিচ্ছেন পাথরবাহী গাড়ি থেকে রাতে টাকা তোলার জন্য। জবাবে এসআই কামরুল আক্ষেপ করে বলেন, আগে সুযোগ দিলে তিনিও আজ “৫০ লাখ টাকার মালিক” হতেন। অন্য এক অডিওতে উঠে এসেছে পুলিশের জন্য কেনা দামী ‘বেল্ট’ এবং উপঢৌকনের প্রসঙ্গ। আব্দুল জলিলের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রভাবশালী সাংবাদিক ও প্রশাসনের সাথে সুসম্পর্কের দোহাই দিয়ে নিয়মিত পুলিশ ও ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করতেন।
অনুসন্ধানে জানা গেছে, আব্দুল জলিল শাহ আরফিন টিলার পাথর কোয়ারি থেকে চাঁদা তোলা এবং ক্রাশার মিলে চোরাই পাথর বিক্রির একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। এমনকি পুলিশি ঝামেলা এড়াতে ট্রাক্টর প্রতি ‘মাসোহারা’ পদ্ধতি চালু করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যারা চাঁদা দিতে অস্বীকার করে, তাদের গাড়ি পুলিশ দিয়ে আটক করিয়ে পুনরায় ২০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে ছাড়িয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেন তিনি।
ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, আব্দুল জলিল তাকে পাথরবাহী ট্রাক্টর থেকে চাঁদা তোলার ‘লাইন’ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন। রাজি না হওয়ায় জলিল তার ফেসবুক পেজ ‘আজকের খবর’ থেকে অপপ্রচার চালান। পরে সমঝোতা হলে সেই ভিডিও সরিয়ে ফেলা হয়। এছাড়া কালাইরাগ এলাকায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা থেকে নাম কাটিয়ে দেওয়ার কথা বলে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে জলিল চক্রের বিরুদ্ধে।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ বলেন, “জলিলের মতো ব্যক্তিদের কারণে সাধারণ গণমাধ্যমকর্মীদের আজ অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। আমরা প্রশাসনের কাছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
সদ্য বহিষ্কৃত এসআই কামরুল আলম অডিও ক্লিপে তার কণ্ঠের সত্যতা নিশ্চিত করেছেন। তবে অভিযুক্ত আব্দুল জলিলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
এখন পর্যন্ত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও স্থানীয় বাসিন্দারা এই লুটপাট ও চাঁদাবাজি সিন্ডিকেটের বিরুদ্ধে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
5 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
5 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
1 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
3 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
3 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর