admin

প্রকাশিত: 12:09 PM, May 25, 2021

সাংবাদিক রোজিনার কারাবাস আমাদের কী বার্তা দিল

সাংবাদিক রোজিনার কারাবাস আমাদের কী বার্তা দিল

১২ এপ্রিল ২০২১ তারিখে প্রথম আলোয় প্রকাশিত সাংবাদিক রোজিনা ইসলামের লেখা ‘এখন এক কোটি দেব, পরে আরও পাবেন’ শীর্ষক প্রতিবেদনটি পড়ে তাৎক্ষণিকভাবে মনে হয়েছিল, এমন চমৎকার অনুসন্ধানী প্রতিবেদন আমি বহুদিন পড়িনি। ভাবলাম, আমাদের দেশে যদি যুক্তরাষ্ট্রের পুলিৎজারের মতো কোনো পুরস্কার থাকত, তাহলে নিশ্চয়ই এই প্রতিবেদন সেটি পেত। মনস্থির করেছিলাম, প্রতিবেদনটির দিকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করব, যাতে তারা বুঝতে পারে, আমাদের দেশের সাংবাদিকেরাও এখন কত উঁচু মানসম্পন্ন অনুসন্ধানী প্রতিবেদন করতে পারেন।

রোজিনা ইসলামের প্রতিবেদনটি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল তাঁর পেশাদারি দক্ষতার কারণে। তথ্যসংবলিত বস্তুনিষ্ঠ লেখাটিতে তিনি যাঁরা দুর্নীতির অভিযোগ এনেছেন এবং যাঁরা অভিযুক্ত হয়েছেন—দুই দলের বক্তব্যই প্রকাশ করেছেন। প্রতিবেদনটি পড়ে আমার মনে সরকার সম্পর্কে কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে ঢালাও কোনো নেতিবাচক ধারণা সৃষ্টি হয়নি; বরং আমার মনে যা দাগ কেটেছিল, তা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি হচ্ছে, তবে এই মন্ত্রণালয়ে এখনো অনেক সৎ কর্মকর্তা আছেন, যাঁরা কোটি টাকার প্রলোভন প্রত্যাখ্যান করেছেন এবং সাহস নিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন। তাঁদের আবেদনের কিছু ফলও হয়েছে। দুর্নীতিবাজদের বদলি করা হয়েছে। প্রতিবেদনটি পড়ে আমি এ জন্য কিছুটা আশ্বস্ত হতে পেরেছিলাম যে আমাদের দেশে কিছু দুর্নীতিবাজ থাকতে পারেন, পাশাপাশি এখনো অনেক সৎ কর্মকর্তা আছেন। আর হয়তো তাঁদের জন্যই দেশটা এগিয়ে যাচ্ছে।

এর দুই সপ্তাহ পরে ১৭ মে রাতে টেলিভিশনের সংবাদে দেখলাম, যে সাংবাদিককে আমি তাঁর দক্ষতা ও সাহসিকতার জন্য মনে মনে পুলিৎজার পুরস্কার দিতে চেয়েছিলাম, তিনিই পাঁচ–ছয় ঘণ্টা ধরে লাঞ্ছিত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তারপর তিনি সারা রাত কাটিয়েছেন শাহবাগ থানায়, তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। পরদিন তাঁকে নেওয়া হলো আদালতে, এরপর পাঠানো হলো কারাগারে এবং এর পরের দিন শুনানির পরও তাঁকে জামিন দেওয়া হলো না। তাঁর বিরুদ্ধে ডিবির তদন্ত শুরু হলো। আমি স্তম্ভিত হয়ে পড়লাম। বুঝতে পারছিলাম না, দেশে আসলে এসব কী হচ্ছে। যে সাংবাদিক বহু কষ্ট করে দুর্নীতির খবর প্রকাশ করেছেন, তিনি কেন রাষ্ট্র কর্তৃক পুরস্কৃত না হয়ে জামিন না পেয়ে কারাবাস করছেন?

রোজিনা ইসলামের সঙ্গে আমার পরিচয় নেই। তাঁর সম্পর্কে গবেষণা করে দেখলাম, তিনি এর আগেও এ ধরনের বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন করেছেন, যেগুলোর মাধ্যমে তিনি কয়েকটি মন্ত্রণালয়ের দুর্নীতির ঘটনা উন্মোচন করেছেন। প্রতিটি প্রতিবেদনেই তিনি পরিচয় দিয়েছেন পেশাদারি দক্ষতার। পেয়েছেন বেশ কয়েকটি দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার।

রোজিনা ইসলামের যেসব প্রতিবেদন আমি পড়েছি, তাতে দেখেছি, তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের ভেতর থেকেই খবর সংগ্রহ করেছেন। খবর সংগ্রহ করতে গিয়ে বিশেষ করে নারী সাংবাদিক হিসেবে তাঁকে কত প্রতিকূলতা পার হতে হয়েছে, সেগুলোর বিবরণ আছে ১৪ নভেম্বর ২০১৪ সালের একটি লেখায়, যার নাম ‘অনুসন্ধান: খুঁড়তে খুঁড়তে গরম খবর’। তিনি কেমন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দুটি চাঞ্চল্যকর দুর্নীতির তথ্য সংগ্রহ করেছিলেন, লেখাটিতে সেই বিবরণ আছে। অনুসন্ধানী সাংবাদিকদের কাজ কত কঠিন এবং এসব প্রতিবেদন সংবাদপত্রের সম্পাদকেরা কত খুঁটিয়ে পর্যবেক্ষণ করে তারপর প্রকাশ করেন, তাঁর স্বচ্ছ বিবরণ আছে এই লেখায়। আমাদের দেশে অনুসন্ধানী সাংবাদিকের সংখ্যা সীমিত। আরও বেশি সীমিত সে ধরনের সংবাদপত্র, যারা অনুসন্ধানী প্রতিবেদন নিয়মিতভাবে বহু বছর ধরে প্রকাশ করে আসছে। প্রথম আলোর বৈশিষ্ট্য হচ্ছে, এই সংবাদপত্র বহু বছর ধরে উচ্চমানের অনুসন্ধানী প্রতিবেদন করছে। সংগত কারণেই এটি হতে পেরেছে দেশের সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র।

১৯৭০–এর দশকে যখন নির্বাচন নিয়ে গবেষণা করছিলাম, তখন এক সরকারি কর্মকর্তা বলেছিলেন যে আমার বিরুদ্ধে পুলিশের এক লম্বা অভিযোগের নথি তাঁর কাছে এসেছিল। এর কোনো মূল্য নেই বলে তিনি সেটা বিবেচনায় নেননি। আমাকে তিনি জানানোর প্রয়োজনও বোধ করেননি। সম্প্রতি নির্বাচন কমিশনের কাছ থেকে তথ্য চেয়েও আমার মিশ্র অভিজ্ঞতা হয়েছে। একই ধরনের তথ্য এক কমিশনার আমাকে দিয়েছেন, কিন্তু পরবর্তী কমিশনার আমাকে দেননি। এতে আমার গবেষণা ব্যাহত হয়েছে। পরে দেখেছি, অন্য গবেষক অন্য সূত্র থেকে সেই তথ্য পেয়েছেন। অতএব সরকারি কর্মকর্তারা অনেক সময় নিজ বিবেচনায় ঠিক করেন, কোন তথ্য প্রকাশ করলে জনস্বার্থ বা দেশের স্বার্থ ক্ষুণ্ন হবে।

আজ (২৩ মে) রোজিনা ইসলামের জামিনের খবর পেয়ে কিছুটা স্বস্তি পেলাম। আশা করব, তাঁর বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা দ্রুত প্রত্যাহার করে নেওয়া হবে, যাতে মামলার খড়্গ অনিশ্চিতকালের জন্য তাঁর মাথার ওপর ঝুলিয়ে রাখা না হয়, এখনো অনেক সম্পাদক বা সাংবাদিকের মাথার ওপরে যেমন আছে।

আদালত মন্তব্য করেছেন, ‘অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্বশীল আচরণ করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে সংবাদপত্র।’ এই মন্তব্যকে আমি একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছি। অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনা ইসলামকে পাঁচ–ছয় ঘণ্টা আটকে রাখা এবং পরবর্তীকালে তাঁর কারাবাস একটি ভিন্ন বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তাঁকে সহায়কের ভূমিকায় দেখা হয়নি। যে সাংবাদিক সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকটি দুর্নীতি ও অনিয়মের ঘটনা উন্মোচন করেছেন, তাঁকে যদি সেই মন্ত্রণালয়ে তথ্য চুরির অপরাধে আটকে রাখা হয়, তখন জনসাধারণ স্বাভাবিকভাবেই মনে করতে পারে যে তিনি নিশ্চয়ই ১৭ মে আরও কিছু অনিয়মের তথ্য সংগ্রহ করছিলেন।

যে সাংবাদিক বহু বছর ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ করছেন, তাঁকে পেশাদারি কর্তব্য পালনের সময় আটকে রাখা, কারাগারে পাঠানো সরকারের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বার্তার বিপক্ষে একটি অবস্থান।

সরকারের সব কর্মকর্তাকে বুঝতে হবে যে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হলে তাঁদের প্রয়োজন অনুসন্ধানী সাংবাদিক। শুধু সরকারি চ্যানেলের মাধ্যমে তাঁরা দুর্নীতি ও অনিয়মের সংবাদ পাবেন না; কারণ, এসব তথ্য গোপন করাটাই সরকারি কর্মকর্তাদের বহুদিনের ধারা। তথ্যপ্রবাহ যতটা স্বচ্ছ ও উন্মুক্ত করা যায়, ততটাই সুশাসন প্রতিষ্ঠার জন্য মঙ্গল এবং দুর্নীতি দমনে সহায়ক।

কোভিড–১৯ আমাদের সবার মনে একটি অনিশ্চয়তার ছায়া এনে দিয়েছে। এই সময়ে সব নাগরিকের মৌলিক অধিকারগুলো সুনিশ্চিত করতে সরকার আরও উদ্যোগী হবে, এটাও আমাদের প্রত্যাশা।

রওনক জাহান: রাষ্ট্রবিজ্ঞানী; সম্মানীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে