editor
প্রকাশিত: 3:20 PM, January 31, 2022
অনলাইন ডেস্ক ॥ টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় পড়া শুরু করেছেন বিচারক। সোমবার বিকেল আড়াইটার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে ১৫ আসামির বিরুদ্ধে রায় পড়া শুরু করেন।
এর আগে পৌনে ২টার দিকে ওসি (বরখাস্ত) প্রদীপসহ ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়।
সিনহা হত্যা মামলার রায় ঘিরে আদালতপাড়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। আদালতপাড়ার প্রধান ফটক থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন তারা।
এদিকে মামলার রায় ঘোষণা ঘিরে আদালতপাড়ায় উৎসুক মানুষের উপচেপড়া ভিড় শুরু হয়েছে। সকালে সিনহার বোন ও আসামিদের স্বজনরা আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলোচিত এ রায়কে কেন্দ্র করে সাধারণ মানুষ, আইনজীবী, পুলিশ, সাংবাদিকদের উপস্থিতিও বাড়তে থাকে।
এ ছাড়া বিভিন্ন ব্যানারে ৪০ থেকে ৫০ জন ওসি প্রদীপের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। তারা কথিত বন্দুকযুদ্ধে নিহত ও হয়রানির শিকার পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন।তবে যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত ১২ জানুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে রায় ঘোষণার জন্য আজ সোমবার (৩১ জানুয়ারি) দিন ধার্য রয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে খুন হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনার পাঁচ দিন পর ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীকে। ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশকে করা হয় দুই নম্বর আসামি। তিন নম্বর আসামি করা হয় বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিতকে। আদালত মামলাটির তদন্তভার দেন কক্সবাজারের র্যাব-১৫-কে। এরপর বেরিয়ে আসে মূল ঘটনা।
৭ আগস্ট মামলার আসামি সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে তদন্তে নেমে হত্যার ঘটনায় স্থানীয় তিন বাসিন্দা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্য ও ওসি প্রদীপের দেহরক্ষীসহ মোট সাতজনকে গ্রেফতার করে র্যাব। এরপর ২৪ আগস্ট মামলার অভিযোগপত্রভুক্ত আসামি কনস্টেবল সাগর দেবের আত্মসমর্পণের মাধ্যমে আলোচিত এই মামলার ১৫ আসামির সবাই আইনের আওতায় আসেন।
চার মাসের বেশি সময় ধরে তদন্তের পর ২০২০ সালের ১৩ ডিসেম্বর ৮৩ জন সাক্ষীসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়।
এদিকে সিনহা হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে অতিরিক্ত ডিআইজি এবং লে. কর্নেল মর্যাদার একজন সেনা কর্মকর্তাকে সদস্য করে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। এক মাসের মাথায় তদন্ত কমিটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেয়।
তদন্ত কমিটি প্রতিবেদনে সিনহা হত্যাকাণ্ডকে পুলিশের হঠকারী (অবিমৃশ্যকারী), প্রস্তুতিহীন ও অপেশাদারি আচরণ বলে উল্লেখ করে। এ ছাড়া যথাযথ তদারকি ও জবাবদিহির অভাবে গুলিবর্ষণের ঘটনায় সংশ্লিষ্টদের মনে অসংবেদনশীলতা তৈরি হয়েছে। আত্মরক্ষার আইনি সুবিধার অপপ্রয়োগ হচ্ছে। এসব বন্ধে কমিটি ১৩ দফা সুপারিশ করে।
তাদের প্রতিবেদনে আরও বলা হয়, টেকনাফ থানায় ওসি প্রদীপের ৩৩ মাসের সময়কালে ১০৬টি ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় ১৭৪ ব্যক্তি নিহত হন।
মামলার প্রতিবেদন থেকে জানা যায়, সিনহা তার দলের সঙ্গী সিফাতকে সঙ্গে নিয়ে পাহাড়ে ভ্রমণবিষয়ক তথ্যচিত্র ‘টাইম ল্যাপস’ ভিডিও করতে গিয়েছিলেন। এ সময় মেজর সিনহা ও তার সঙ্গীরা টেকনাফের নিরীহ মানুষের ওপর ওসি প্রদীপ কুমার দাশের ‘অবর্ণনীয় নির্যাতন-নিপীড়নের কাহিনি’ জেনে যান। প্রদীপের অত্যাচারের শিকার কিছু মানুষের সাক্ষাৎকারও তারা নিয়েছিলেন। বিষয়টি নিয়ে প্রদীপের সঙ্গেও সিনহা ও তার সঙ্গীদের কথা হয়। এরপর বিপদ আঁচ করতে পেরে প্রদীপের পরিকল্পনায় শামলাপুর চেকপোস্টে সিনহাকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
আলোচিত এ মামলায় এখন কারাগারে আছেন ১৫ আসামি। তারা হলেন বাহারছড়া তদন্তকেন্দ্রের বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী; টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার দেহরক্ষী রুবেল শর্মা; বাহারছড়া তদন্তকেন্দ্রের বরখাস্ত এসআই নন্দদুলাল রক্ষিত; বরখাস্ত কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সাগর দেব; বরখাস্ত এএসআই লিটন মিয়া; বরখাস্ত এপিবিএনের এসআই মো. শাহজাহান; বরখাস্ত কনস্টেবল মো. রাজীব ও মো. আবদুল্লাহ; টেকনাফ থানায় পুলিশের করা মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন