editor
প্রকাশিত: 12:10 AM, October 12, 2022

নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের পরামর্শের দরকার নেই
অনলাইন ডেস্ক
গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের পরামর্শের কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। একইসঙ্গে তিনি সাংবাদিকদেরও বিদেশিদের কাছে দেশের অভ্যন্তরীণ ইস্যুতে প্রশ্ন না করার অনুরোধ করেন। গতকাল দুপুরে সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। ব্রুনাই’র সুলতানের বাংলাদেশ সফরের প্রস্তুতির বিষয়ে জানাতে ওই সংবাদ সম্মেলন ডেকে ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সামপ্রতিক বক্তব্যের বিষয়ে এক সাংবাদিক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানতে চান ওই বক্তব্যকে সরকার যৌক্তিক মনে করে কিনা, যদি তা মনে না করে তবে প্রতিবাদ জানাবে কিনা? জবাবে মন্ত্রী বলেন, আপনারা ওকে (রাষ্ট্রদূত) জোর করে বলান, সে বেচারা বাধ্য হয় উত্তর দিতে। আপনারা বিদেশের কাছে ধরনা না দিলেই ভালো। আপনারা আমাদের কাছে আসেন। বিদেশিদের কাছে ধরনা দেয়ার অভ্যাস থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে ঔপনিবেশিকতার কারণে এখনো আমরা বিদেশি কিছু হলে পছন্দ করি। সেই কারণে তাদের কাছে ধরনা দেই।
বাংলাদেশ গণতন্ত্রের নেতা উল্লেখ করে মোমেন বলেন, গণতন্ত্র বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের হয়। ভারতবর্ষে আমরা যষ্ঠ শতাব্দীতে গণতন্ত্র চালু করেছি। আমরা ১৯৭১ সালে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি, ৩০ লাখ লোক প্রাণ দিয়েছেন। পৃথিবীর আর কোথাও দিয়েছে? আমরা এদেশে সংগ্রাম করেছি, যখন মানুষের কণ্ঠরোধ করা হয়েছে। যখন মানুষের গণতন্ত্রের অধিকার কেড়ে নেয়া হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে গণহত্যার সময় যুক্তরাষ্ট্র কোথায় ছিল? এমন প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, আমাদের অন্যরা কি শেখাবে? আমরা ফিলিস্তিনের বিষয়ে সোচ্চার। আমরা কোনো বড় শক্তির দেশ নয়, তবে যেখানে অন্যায় হয়; সেখানে আমরা সোচ্চার। এটা বাংলাদেশ, অন্যরা এসে আমাদের কথা শেখাবে? এ সময় ক্ষোভের সঙ্গে তিনি বলেন, যখন এদেশে গণহত্যা হচ্ছিল, তখন তারা ধারে কাছেও আসেনি। মিয়ানমারে যখন গণহত্যা হচ্ছিল তখন ওই লোকগুলোকে কেউ আশ্রয় দেয়নি। বাংলাদেশ মানবতা দেখিয়েছে। শেখ হাসিনা কেবল সীমান্ত খুলে দেননি, হৃদয়টাও খুলে দিয়েছেন। মানবাধিকার রক্ষা করেছেন। বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ এবং নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে দেশের একটি নাগরিকের মৃত্যুর পক্ষে নয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, নির্বাচনের সময় যেন একটি লোকও না মরে। ওদের দেশে (যুক্তরাষ্ট্র) কতো লোক মারা যায়।
আমাদের দেশেও মরে। সংখ্যাটা কম। আমরা চেষ্টা করছি, একটা লোকও যেন মারা না যায়। মন্ত্রী বলেন, সব দেশের গণতন্ত্রে ভালো-মন্দ আছে। এটা সব সময় পারফেক্ট নয়। এটা একটা প্রসেস। প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্র পরিপক্ব হয়। আমাদেরও দুর্বলতা আছে। কীভাবে দুর্বলতা সমাধানে কাজ করা যায়, আমরা চেষ্টা করছি। এটার মানে এ নয় যে, ওনাদেরটা সবচেয়ে ভালো। তাদেরও দুর্বলতা আছে। বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করা নিয়ে সরকার বিবৃতি দিতে পারে বা প্রতিবাদ করতে পারে এক সাংবাদিকের এমন পরামর্শের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, আপনার সাজেসনের জন্য ধন্যবাদ। তবে আমরা বিশ্বাস করি আমাদের দেশে যারা ডিপ্লোম্যাট আছেন তারা পরিপক্ব। তারা সম্মানিত লোক। তারা কূটনৈতিক শিষ্টাচার মেনে চলবেন বলেই আমাদের বিশ্বাস। সম্পূরক প্রশ্নে মন্ত্রী বিদেশিদের কাছে গেলে কি প্রশ্ন করতে হবে সেটা শিখিয়ে দেন। বলেন, আমেরিকায় কেন এত অল্পসংখ্যক লোক ভোট দেয় সেটা জিজ্ঞাসা করতে পারেন। তাদের ওখানে তো ২৫-৩০ ভাগের বেশি ভোট দেয় না। বাংলাদেশে ৭৮% ভোট কাস্ট হয়। তাদের উপনির্বাচনে দেড় থেকে দুই পারসেন্ট লোক ভোট দেয় কেন? তাদের ইয়াং লোকজন রাজনীতিতে উৎসাহী নয় কেন? মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। ২০০১ সালে হেরে যাওয়ার পর শেখ হাসিনা স্মুথ পাওয়ার ট্রানফারের নজির তৈরি করেছেন।
ভেবে-চিন্তে ভোট দিবে বাংলাদেশ: এদিকে সংবাদ সম্মেলনে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের নিজস্ব নীতি আছে এবং আমরা সেই অনুযায়ী কাজ করবো। আমরা জাতিসংঘ সনদে বিশ্বাস করি এবং জাতিসংঘের সমর্থক। আমাদের দেশের স্বার্থের জন্য মঙ্গলকর, আমাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেবো। রাশিয়ার আগ্রাসনের নিন্দা এবং অখণ্ড ইউক্রেনের পক্ষে উত্থাপিত রেজ্যুলেশনের ওপর ভোট প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা পক্ষে, বিপক্ষে বা ভোটে বিরত থাকবো কি-না? সেটি এখনই বলবো না। তবে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে রেখেছি। মন্ত্রী বলেন, এ পর্যন্ত আমরা যত ভোট দিয়েছি তা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দিয়েছি। এটাও দেবো। যুদ্ধের বিষয়ে তিনি বলেন, আমাদের অবস্থান পরিষ্কার, আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক এবং একটি সমঝোতার মাধ্যমে এর সমাধান হোক। যুদ্ধের ফলে পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের সমস্যা হচ্ছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে এবং সাপ্লাই চেইনে সংকট তৈরি হয়েছে।
তিনি বলেন, যে ধরনের পরিস্থিতি তৈরি হোক, সেগুলোতে যদি যুদ্ধ বন্ধ করার ঈঙ্গিত দিতে পারে, আলোচনার সুযোগ তৈরি করতে পারে, তাহলে আমরা খুব খুশি হবো। কারণ যুদ্ধটা অনেকদিন চলমান থাকলে আমাদের অনেক ক্ষতি হবে। ব্রুনাই’র সুলতানের সফরে ৫ চুক্তি-সমঝোতা সই হতে পারে: ওদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রুনাই’র সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ তিন দিনের সফরে ১৫ই অক্টোবর ঢাকা আসছেন। এটা হবে তার প্রথম বাংলাদেশ সফর। সুলতানের সফরে দুই দেশের মধ্যে সরাসরি উড়োজাহাজ চলাচল, ব্রুনাইয়ে বাংলাদেশের কর্মী নিয়োগ, সমুদ্রগামী জাহাজে কর্মরত নাবিকদের সনদ দেয়াসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। ওই সফর বিষয়ক এক প্রশ্নের জবাবে মন্ত্রী মোমেন বলেন, জ্বালানি আমদানির বিষয়ে ব্রুনাইয়ের সঙ্গে আলোচনা চলছে। এতে খানিকটা অগ্রগতিও আছে।
প্র্রায় ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি ব্রুনাইয়ে কাজ করছেন জানিয়ে মন্ত্রী বলেন, ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি সুলতানের সফরে প্রাধান্য পাবে। মন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে হালাল পণ্যের বিষয়ে সহযোগিতা প্রতিষ্ঠায় ব্রুনাইয়ের বিশেষ আগ্রহ রয়েছে। বাংলাদেশে প্রচুর গরু, মহিষ ও খাসি রয়েছে। ব্রুনাইয়ের সুলতান বিশেষ করে বাংলাদেশের ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগল খুব পছন্দ করেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুয়ান্ডার রাজধানী কিগালিতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে সুলতানের সঙ্গে আলাপ হয়। হালাল পণ্যের ব্যাপারে ব্রুনাইয়ের যথেষ্ট দক্ষতা রয়েছে। হালাল পণ্যের সনদ দেয়ার ক্ষেত্রে তারা যথার্থ প্রক্রিয়া অনুসরণ করে থাকে।
এ বিষয়ে বাংলাদেশ নিয়ে ব্রুনাইয়ের আগ্রহ রয়েছে। ব্রুনাই বলেছে, তারা বাংলাদেশে হালাল পণ্যের কোনো একটা ব্যবস্থা করতে পারে কিনা। এ বিষয়ে আমরা আলোচনা করছি। এ নিয়ে বাংলাদেশের বেসরকারি খাতের সঙ্গে ব্রুনাইয়ের আলোচনা চলছে। ব্রুনাই সবকিছু বিদেশ থেকে আমদানি করে জানিয়ে মন্ত্রী বলেন, তারা খাদ্য নিরাপত্তার ওপর জোর দিচ্ছে। এ ক্ষেত্রে আমরা মোটামুটি ভালো অবস্থানে আছি। চাল, মাছের উৎপাদনে আমরা এগিয়ে আছি। কৃষি ও মৎস্য চাষে ব্রুনাই আমাদের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। চিংড়ি ও মাছ চাষে আমাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তারা সেটা চায়। দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথে উড়োজাহাজ চালু হলে ব্যবসা বাড়বে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন