নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। আটক ট্রাক চালকের নাম জাহিদ মিয়া (৪৮)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক গ্রামের মৃত মোজাহার এর ছেলে।
গত সোমবার রাত ১০ টার দিকে দুর্ঘটনার কিছুসময় পর লুকিয়ে থাকা অবস্থায় জনগণের সহায়তায় পুলিশ তাকে আটক করে।
এর আগে সোমবার রাত ১০টার দিকে নগরের সুবিদবাজার ফাজিলচিশত এলাকায় ট্রাকের ধাক্কায় সজিব ও লুৎফুর নামের দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন। এর মধ্যে সজিবের বাড়ি নগরীর বনকলাপাড়া ও লুৎফুরের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। তারা দুজন ছাত্রদল কর্মী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফাজিলচিশত পয়েন্টে একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যুবক মারা যান।
এদিকে এ ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এসময় অন্তত চারটি ট্রাকেও (ঢাকা মেট্রো ট ১৮-৪৫০১, ঢাকা মেট্রো চ ২৪-২০০৯, বগুড়া ট ১১-১৮৮৫, ঢাকা মেট্রো ট ১৪-৬৭৭৬) আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া অন্তত ৩০টি ট্রাক ভাংচুর করা হয়। ফলে সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়া ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান- কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ। এছাড়া যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
