অনলাইন ডেস্ক
মালয়েশিয়ায় ক্রমবর্ধমান কোভিড-১৯ মহামারি রোধে একটি সক্রিয় পদক্ষেপ হিসেবে আগামী ১ আগস্ট পর্যন্ত দেশব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ রিয়াতুদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহ। আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে রাজপরিবারের রয়েল হাউজিং দাতুক আহমেদ ফাদিল শামসুদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন গতকাল সোমবার সন্ধ্যায় রাজার সঙ্গে সাক্ষাতের পর এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে বিশেষ ভাষণ দেবেন।
তিনি বলেন, রাজা আদেশ দিয়েছেন যে করোনা আক্রান্তের সংখ্যা কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও কমিয়ে আনা যেতে পারে জরুরি অবস্থা জারির মাধ্যমে। জনগণের সুরক্ষা ও জাতির স্বার্থে এই ঘোষণা দেওয়া হয়েছে।
