নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৪৯ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সবাই সিলেটের বাসিন্দা।
সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৪ জন। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ২৪৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৪০ জন, হবিগঞ্জে ১৫৮১ জন এবং মৌলভীবাজারের ১৭২৩ জন সুস্থ হয়েছেন।
একই সময়ে আরও ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৮৭৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫০২, হবিগঞ্জে ১ হাজার ৯৩৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫৬ জন। এরমধ্যে সিলেট জেলার ১৯৩ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।
আজ সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ১৭ জন। এরমধ্যে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২১ হাজার ৭৫৩ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২১ হাজার ৫৫৭ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯৬ জন।
