admin
প্রকাশিত: 12:54 AM, November 19, 2026
স্টাফ রিপোর্টার:-
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। দিন-রাত ট্রাক ও পিকআপে করে সরিয়ে নেওয়া হচ্ছে ছড়ার বালু। দীর্ঘদিন ধরে চলা এ কর্মকাণ্ডে বদলে যাচ্ছে ছড়া ও আশপাশের জমির স্বাভাবিক ভূপ্রকৃতি। হুমকির মুখে পড়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইচগেট, ফসলি জমি এবং ছড়ার দুই পাশের সড়ক।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র বাণিজ্যিক উদ্দেশ্যে ছড়া থেকে বালু উত্তোলন করে আসছে। দিনের তুলনায় রাতের আঁধারে বালুবাহী যানবাহনের চলাচল বেড়ে যায়। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ফলে ক্ষতির আশঙ্কা থাকলেও অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, মহালদিক এলাকার লাহিন মোল্লা, ইউনুস আলী ও খোরশেদ আলমকে ঘিরে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, রাতের বেলায় নিয়মিত বালুবাহী ট্রাক চলাচল করে। এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। প্রশাসনের কারও সঙ্গে যোগসাজশ ছাড়া এভাবে দীর্ঘদিন বালু উত্তোলন সম্ভব কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, কয়েক দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সুইসগেট এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। এসময় অবৈধ বালু উত্তোলনের বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালু উত্তোলনের প্রতিবাদ করায় মহালদিক গ্রামের মাখন মিয়ার ছেলে আনসার মিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গত ১২ অক্টোবর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন তিনি। অভিযোগে ইউনুস মিয়া ও লাহিন মিয়ার নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে লাহিন মোল্লার বিরুদ্ধে গত বছর ডিজেল মজুদের অভিযোগে কারাভোগের ঘটনা রয়েছে। একইভাবে ইউনুস মিয়ার বিরুদ্ধে বাগানের জায়গা দখলসংক্রান্ত মামলায় কারাভোগের অভিযোগও রয়েছে। তবে এসব পূর্ববর্তী অভিযোগের সঙ্গে বর্তমান বালু উত্তোলনের ঘটনার কোনো সরাসরি যোগসূত্র আছে কিনা তা তদন্তের দাবী রাখে।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে ছড়ার গতিপথ ও তীরবর্তী মাটির স্থিতিশীলতা নষ্ট হতে পারে। বিশেষ করে সুইচগেটের ভিত্তি ও আশপাশের অবকাঠামো ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষিজমি ও যোগাযোগ ব্যবস্থা।
এলাকাবাসীর অভিযোগ, বালু পরিবহনের দৃশ্য ধারণ করতে গেলেও বাধার মুখে পড়তে হয়। প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে অনেকেই মুখ খুলছেন না। ফলে দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড চললেও কার্যকর প্রতিকার মিলছে না। তাদের প্রশ্ন, প্রকাশ্যে বালু পরিবহন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কতটা কার্যকর?
স্থানীয়দের দাবি, শুধু সতর্কবার্তা কিংবা লোকদেখানো পরিদর্শনে এ বালু উত্তোলন বন্ধ হবে না। প্রয়োজন নিয়মিত নজরদারি, অবৈধ বালু উত্তোলনের উৎস শনাক্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সুইচগেটের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যথায় সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ অবকাঠামো, কৃষিজমি ও জনপদকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে।
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু